দেশজুড়ে

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. খাদেমুল (২৫)।

বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের দাবি, আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনের সঙ্গে খাদেমুল ভারতীয় সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সহযোগীদের সহায়তায় তিনি বাংলাদেশ অংশে ফিরে আসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে বিএসএফ গুলির বিষয়টি অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন