শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার উৎসব আর গ্রীষ্মের দীর্ঘ বিরতি—দুই মিলিয়ে দেশের কোটি শিক্ষার্থীর জন্য আসছে বড় অবকাশ। মে মাসের শেষ ভাগে এসে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোয় শুরু হচ্ছে দীর্ঘ ছুটির পর্ব, যার ফলে নির্ধারিত সূচির আগেই শিক্ষার্থীদের মধ্যে বইছে অবকাশের আমেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি পর্যালোচনায় দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ২৪ মে রোববার থেকে। তবে ২২ মে শুক্রবার ও ২৩ মে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ মে বৃহস্পতিবারই হবে শেষ ক্লাস। সেই হিসেবে ২২ মে থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ ছুটি কার্যত শুরু হয়ে যাচ্ছে।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে আবার ক্লাস শুরু হবে। অর্থাৎ নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যোগ হয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটানা ১৬ দিনের অবকাশ পাবে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক বন্ধ শেষে ১৪ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা প্রায় ২১ দিনের নির্ধারিত ছুটির পাশাপাশি সাপ্তাহিক বিরতিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বছরের বাকি সময়েও রয়েছে কয়েক দফা গুরুত্বপূর্ণ ছুটি। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসব ও তীব্র গরমের সময় বিবেচনায় শিক্ষার্থীদের জন্য দীর্ঘ অবকাশের এই সমন্বিত সূচি রাখা হয়েছে, যা পরিবার ও শিক্ষার্থীদের জন্য স্বস্তির পাশাপাশি ভ্রমণ ও বিশ্রামের বড় সুযোগ হয়ে আসছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন