পাকিস্তানে গাড়িবোমা হামলায় ২১ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চৌকিতে গাড়িবোমা হামলা ও পরবর্তী সশস্ত্র হামলায় অন্তত ২১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৯ মে) দিবাগত রাতে আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
রোববার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের সশস্ত্র জঙ্গিগোষ্ঠীগুলোর একটি জোট হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই শুরু হয় তীব্র গোলাগুলি। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টটির বড় অংশ ধসে পড়ে।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো পুলিশ পোস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে পোড়া যানবাহনের ধ্বংসাবশেষ, ইট-পাথর ও ভাঙা কাঠামো।
দেশটির নিরাপত্তা সূত্র জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় যাওয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে আরও হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীরা ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় আহত অন্তত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের প্রভাবে আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুইজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
হামলার পর উদ্ধারকারী সংস্থার অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে অবস্থান নিয়ে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। যদিও আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা সংকট তাদের অভ্যন্তরীণ সমস্যা।
উল্লেখ্য, পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো অতীতেও এ ধরনের হামলা চালিয়েছে। আফগান তালেবানের সঙ্গে আদর্শিকভাবে ঘনিষ্ঠ হলেও টিটিপি একটি পৃথক সংগঠন।
এমএ//