দুর্ঘটনা

বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশ সদস্যের মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ পুলিশের একটি নৌযান বাল্কহেডের ধাক্কায় ডুবে গিয়ে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) রাত ১১টার দিকে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন সরদার খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল একটি ট্রলারে করে নিয়মিত টহলে বের হন। শাহ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানটির সংঘর্ষ হয়। এতে নৌযানটি মুহূর্তেই উল্টে যায়।

দুর্ঘটনার পর উপ-পরিদর্শক মকবুল হোসেনসহ অন্য তিন সদস্য সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠতে সক্ষম হন। তবে গুরুতর আহত হওয়ায় কনস্টেবল মহসিন সরদার উঠতে পারেননি।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নদীতে ডাকাতি প্রতিরোধে রাতে টহলে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডের ধাক্কায় টহল নৌযানটি ডুবে যায়।

তিনি বলেন, “সহকর্মীরা মহসিনকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নৌ পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।”

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন