বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা হবে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসব্যাপী সহায়তা করা হবে। এ সহায়তা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বাড়ান হবে।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো সরকার সেটা পোষাতে পারবে না। তবে এই লোকগুলো যেন মহাবিপদে, যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেখান থেকে তাদের কিছুটা যেন লাঘব হয় সে চেষ্টা করা হবে।
তিনি বলেন, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা এই তালিকা করছেন। তারা ক্ষতিগ্রস্তদের নানা ক্যাটাগরি করবেন এবং সহায়তা তিন মাস পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, ডিসি সম্মেলনে আলুর কম দামের বিষয়টি উঠে এসেছিল। সরকার খাদ্যপণ্যটির বহুমুখী ব্যবহার আরও বাড়াতে এবং রপ্তানিযোগ্য আলু চাষে মনোযোগ দিচ্ছে। এই বছর থেকেই ফ্রেঞ্চফ্রাই এবং চিপস করা যায় এমন আলুর চাষ শুরু করা হয়েছে। এগুলো রপ্তানির ব্যাপারে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
আই/এ