সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। নিয়মিত ইমাম না থাকায় নামাজ পরিচালনা করছিলেন হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধ। সিজদারত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজে স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন দায়িত্ব নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ চলাকালে সিজদারত অবস্থায় থাকা সময় হঠাৎ করে জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত ও অভিযুক্ত দুজনই একই এলাকার বাসিন্দা। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
এসি//