‘জলদস্যুদের মতো’ জাহাজ দখল করছে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক এক অভিযানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ‘জলদস্যু’ শব্দ ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী একটি জাহাজে অভিযান চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে থাকা মালামাল ও তেল জব্দ করে। তিনি বলেন, ‘আমরা জাহাজে উঠে সেটি দখলে নিয়েছি। মালামাল নিয়েছি, তেলও নিয়েছি। এটা খুব লাভজনক ব্যবসা।’
পরে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না।’
তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তেহরান ওই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের পরিকল্পনা করছে বলেও জানা গেছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর রাখতে শুক্রবার পর্যন্ত অন্তত ৪৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
গেল মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ‘যতদিন প্রয়োজন হবে, এই অবরোধ বহাল থাকবে।’ একইসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, ইরানের বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা সব জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অন্যদিকে ইরানও স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালিতে তাদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় থাকবে।
উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করে তেহরান। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গেল মাসে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
এমএ//