আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত হামলার’ সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফিং

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য “চূড়ান্ত আঘাত” হিসেবে বিবেচিত বিভিন্ন সামরিক বিকল্প তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় স্বল্প সময়ের মধ্যে ব্যাপক শক্তি প্রয়োগ করে হামলা চালানোর পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। প্রয়োজনে পুনরায় যুদ্ধ পরিস্থিতি শুরু হলে এই কৌশল ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছে সেন্টকম।

ফক্স নিউজের দাবি, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের অবশিষ্ট সামরিক অবকাঠামো, শীর্ষ নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে।

এছাড়া পেন্টাগন উন্নত প্রযুক্তির নতুন অস্ত্র ব্যবহারের বিষয়ও বিবেচনা করছে। এর মধ্যে “ডার্ক ঈগল” নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ধারণা করা হচ্ছে, ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে বি-১বি ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে। এসব বিমান দীর্ঘপাল্লার ভারী অস্ত্র বহনে সক্ষম এবং হাইপারসনিক অস্ত্রও বহন করতে পারে।

উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমঝোতা হয়নি।

এরপর পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়ান, যদিও নতুন সময়সীমা ঘোষণা করা হয়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন