ভবিষ্যতের পারস্য উপসাগর হবে আমেরিকার প্রভাবমুক্ত: মুজতবা খামেনি
ভবিষ্যতে পারস্য উপসাগরীয় অঞ্চল এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি থাকবে না। বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত বিবৃতিতে খামেনি বলেন, হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই বিদেশি শক্তিগুলোর কৌশলগত আগ্রহ ও প্রতিযোগিতার কেন্দ্র ছিল।
তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটির জনগণ ইরানি বাহিনীর দৃঢ় অবস্থান ও প্রতিরোধ সক্ষমতা প্রত্যক্ষ করেছে।
খামেনি দাবি করেন, পারস্য উপসাগরের আগামী দিনের বাস্তবতা হবে আঞ্চলিক জনগণের স্বার্থ, উন্নয়ন ও স্থিতিশীলতাকেন্দ্রিক। সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের “ব্যর্থ পরিকল্পনার” পর হরমুজ প্রণালিকে ঘিরে নতুন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের দুই মাস পর এ অঞ্চলে নতুন রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে।
জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া ওই বার্তায় ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজদের উৎখাতের ঘটনাকে ইরানের ঐতিহাসিক সাফল্য হিসেবেও উল্লেখ করা হয়।
এমএ//