ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
গরমের দমবন্ধ করা আবহে হঠাৎই বদলে যেতে পারে আকাশের রূপ—ঝোড়ো হাওয়া আর বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বিরূপ আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।
ঢাকাসহ দেশের মোট ১৩টি অঞ্চলে ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুরসহ ৫টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে ঢাকাসহ আরও ৮টি অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সন্ধ্যা ৬টার মধ্যে। এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, যা কয়েকদিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে—যেখানে ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি হতে পারে। ফলে এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
এসি//