লাশ চুরির আতঙ্কে ছেলের কবর পাহারা দিচ্ছেন অসহায় বাবা
মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত আরাফাত খানের দাফনের পর থেকে প্রতিরাতে তার কবর পাহারা দিচ্ছেন তার বাবা জসিম খান। কবরের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই পরিবারটি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফনের পর থেকেই প্রতিরাতে সন্তানের কবরের পাশে বসে থাকছেন জসিম খান। লাশ চুরির আশঙ্কায় তিনি রাতভর সেখানে অবস্থান করে পাহারা দিচ্ছেন।
জসিম খান বলেন, তার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত এবং গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তিনি জানান, “শুনেছি বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনাও ঘটে। সেই ভয় থেকেই আমি কবর পাহারা দিচ্ছি।”
তিনি আরও বলেন, আমি অসুস্থ মানুষ, সবসময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। সংসার চালানোই কষ্টকর, তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসনের সহযোগিতা পেলে কিছুটা স্বস্তি পেতাম।।
স্থানীয়রা বিষয়টিকে মানবিক ও উদ্বেগজনক বলে উল্লেখ করে কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, নিহতের দাফন ও কাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি কবর পাহারার জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খান নামে এক যুবক এবং রিজান ঢালী নামে এক কিশোরের মৃত্যু হয়।
এসি//