দেশজুড়ে

চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশ পাহারায় খোলার পরই গুলি

খুলনা মহানগরীতে ৩০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকির পর পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিক।  পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালুর পর গুলি ছুড়ে আবার চাঁদা চেয়ে হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমান আশিক জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি’ কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন। এর মধ্যে গতকালও ফোন আসার পর আবার রেস্টুরেন্ট বন্ধ করেন।

তিনি বলেন, আজ সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। একই সঙ্গে কর্মীদের ফোন করে কর্মস্থলে আসতে অনুরোধ করা হয়। পুলিশের পাহারায় রেস্টুরেন্ট চালু করার কয়েক ঘণ্টা পর বিকেলে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা সেটি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রেস্টুরেন্টে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি মো. রফিকুল ইসলাম  বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। একইসঙ্গে ওই রেস্টুরেন্টে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন