জাতীয়

গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে। ব্যক্তিগত ঘটনা রাজনৈতিক রূপ দিয়ে তারা বিভ্রান্ত করছে। তারা ৭১, ৮৬, ৯৬, ১/১১ এর সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এদের বিষয় সর্তক থাকতে হবে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা এ দেশে স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস করা যায় না। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, যারা সংস্কার সংস্কার বলে জাতিকে বিভ্রান্তি করতে চাচ্ছে, তারা নারীদের নিয়ে কোনো কথা বলে না, কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে তা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান সংস্কার বলে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, বিএনপি সরকার কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে পা দেবে না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে। জুলাই সনদসহ মানুষকে যেই প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, তাই বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, বিএনপি যখন সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছিল, তখন অন্য কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের ভয়ে সংস্কার উচ্চারণ করেনি। বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছিল।

তারেক রহমান বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে সরকার বাস্তবায়ন করবে। তবুও কিছু রাজনৈতিক দল সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে নানা কথাবার্তা বলছে।

তিনি বলেন,  যারা দেশে গোলযোগ করার পায়তারা করার চেষ্টা করছে, তাদের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে

প্রসঙ্গত,  প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়ায় আগমন উপলক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন