‘স্নাইপারের অভাব ছিল’—প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্য, গ্রেপ্তার যুবক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। তবে আবু বকরের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি পুলিশ।
ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্য থেকে।
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্টে তার বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ছবি যুক্ত করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক হিসাব থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবু বকরকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
ফেসবুকের ওই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন যা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসি//