জ্বালানি তেল নিয়ে দেশে এসেছে আরও ৫ জাহাজ
এক লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এক সঙ্গে ভিড়েছে পাঁচ জাহাজ। এর মধ্যে দুটি থেকে জ্বালানি খালাস প্রক্রিয়া চললেও বন্দরের বহির্নোঙরে অপেক্ষা করছে আরও তিনটি জাহাজ।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে ডিজেল খালাস করা হচ্ছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ জাহাজে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল ও ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল।
বহির্নোঙরে থাকা তিন জাহাজের মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।
বিপিসি কর্মকর্তারা বলছেন, এসব জাহাজের জ্বালানি খালাস সম্পন্ন হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং বাজারে বিদ্যমান চাপ কমবে।
আই/এ