আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলেই জ্বালানির দাম কমবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটলে জ্বালানি বাজারে বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ থেমে গেলে গ্যাস ও বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারে মারিয়া বার্তিরোমোর সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প জ্বালানি বাজারসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। তিনি দাবি করেন, অতীতে নেওয়া কিছু সামরিক পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারত।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করে তিনি একে “অত্যন্ত দুর্বল” চুক্তি হিসেবে আখ্যা দেন। তার মতে, ওই চুক্তি ইরানকে দ্রুত পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ করে দিয়েছিল।

এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সামরিক উদ্দেশ্যে নয়।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছিলেন। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন