যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: ইরান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার পর ইরানের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে পারেনি।
রোববার (১২ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আলোচনার শুরুতেই ইরান তাদের সদিচ্ছা প্রকাশ করেছিল। তবে অতীতের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে তারা আগে থেকেই সতর্ক ছিল এবং প্রতিপক্ষের ওপর পুরোপুরি ভরসা করতে পারেনি।
মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, শেষ পর্যন্ত আলোচনায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখতে পারে।
আলোচনা আয়োজন ও পরিচালনায় সহায়তার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান গালিবাফ। তিনি দেশটির ভূমিকার প্রশংসা করে জনগণের প্রতিও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই ধরনের সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক খুবই বিরল। তাই ইসলামাবাদের এই আলোচনা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি ও সাম্প্রতিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনেকটাই এই সংলাপের ওপর নির্ভর করছিল।
পুরো প্রক্রিয়া জুড়ে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস স্পষ্ট ছিল। এ কারণেই সমঝোতার পথে বড় ধরনের বাধা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। যুক্তরাষ্ট্র মাইন অপসারণের প্রস্তুতির কথা বললেও ইরান তা অস্বীকার করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই পথ ঘিরে অনিশ্চয়তা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।
এমএ//