আন্তর্জাতিক

চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, পাকিস্তান ছাড়লো মার্কিন প্রতিনিধি দল

ইসলামাবাদে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। টানা প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও প্রধান বিষয়গুলোতে অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রতিনিধিদল দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছে, ইরান তা মেনে নিতে রাজি হয়নি। ফলে আলোচনায় কাঙ্ক্ষিত ফল আসেনি। 

তিনি বলেন, এই ব্যর্থতা ইরানের জন্য বেশি নেতিবাচক হতে পারে। আলোচনার পুরো সময়জুড়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ রাখেন বলেও জানান।

ইরান সরকার জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনা শেষ হলেও যোগাযোগ অব্যাহত থাকবে। দুই পক্ষের বিশেষজ্ঞরা নথিপত্র বিনিময় করবেন এবং ভবিষ্যতে আবারও বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট সময় জানানো হয়নি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের আলোচনা। এমন উদ্যোগ খুবই বিরল। তাই এর ফলাফল ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালি চালু রাখা এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনেকটাই এই আলোচনার ওপর নির্ভর করছিল।

পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, যা কূটনৈতিকভাবে দেশটির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে অবিশ্বাস স্পষ্ট ছিল, যা সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র মাইন অপসারণের প্রস্তুতির কথা বললেও ইরান তা অস্বীকার করেছে। এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন