সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধ বিমান মোতায়েন
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক বিমান সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।
শনিবার (১১ এপ্রিল) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার সমর্থনে সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং অভিযানিক প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।
তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দেশ দুটি অঙ্গীকার করেছে যে, তাদের বিরুদ্ধে পৃথকভাবে যেকোনো আগ্রাসনমূলক পদক্ষেপকে উভয়ের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা পাকিস্তানের আয়োজনে থাকাকালীন এই যুদ্ধবিমান মোতায়েন করা হলো।
আই/এ