আন্তর্জাতিক

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরান সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছে বলে জানা গেছে। আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা এই ঐতিহাসিক বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বাক্ষরিত চুক্তির পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ও আনুষ্ঠানিক আলোচনা। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

একই বছরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

গত ছয় সপ্তাহ আগে যুদ্ধ পরিস্থিতির প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এরই মধ্যে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের নেতৃত্বে ৭১ সদস্যের ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও সেখানে উপস্থিত হয়েছে।

 

ইসলামাবাদের এই বৈঠককে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলের নজর এখন এই আলোচনার দিকে, যেখানে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন