বায়তুল মোকাররম এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষ
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গেল ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ভ্রাম্যমাণ আদালত ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু পরদিনই হকাররা আবার সেখানে দোকান বসালে উত্তেজনা তৈরি হয়।
শনিবার স্বর্ণ ব্যবসায়ী সমিতি পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করলে হকারদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএ//