জ্বালানি তেল মজুতের দায়ে দুইজনের কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা সাহেবগঞ্জ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাতের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে ছিল ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল। পরে জব্দ করা ডিজেল ও মবিল নির্ধারিত দামে স্থানীয় একটি সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।
জব্দ হওয়া ভোজ্যতেলগুলো সাময়িকভাবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আই/এ