লেবানন ইস্যুতে ট্রাম্পের অনুরোধেও অবস্থান বদলায়নি ইসরাইল
লেবাননে চলমান হামলা নিয়ে আন্তর্জাতিক, এমনকি ডোনাল্ড ট্রাম্পের এর দিক থেকে চাপ থাকা সত্ত্বেও ইসরাইল তাদের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।
ইসরাইল স্পষ্ট জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং এতে কোনো ধরনের শিথিলতা আনার পরিকল্পনা নেই।
তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয় এবং এই গোষ্ঠীর সঙ্গে ইরানের সরাসরি সম্পর্কও ওই চুক্তিতে বিবেচনায় নেওয়া হয়নি।
ইসরাইলের দৃষ্টিতে হিজবুল্লাহ এখনো বড় ধরনের নিরাপত্তা হুমকি। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে বসবাসকারী নাগরিকদের কাছে এই হুমকি আরও তাৎক্ষণিক ও বাস্তব বলে মনে করা হচ্ছে।
এদিকে ইসরাইলের অভ্যন্তরে এমন ধারণা তৈরি হয়েছে যে, তাদের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে বাধ্য হয়। এই চাপের বড় উৎস হিসেবে যুক্তরাষ্ট্রকেই দেখা হচ্ছে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের জন্য এই যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে বলেও জানা গেছে।
জানা যায়, গেল বুধবার ট্রাম্প নেতানিয়াহুকে হামলা কিছুটা কমিয়ে রাখার আহ্বান জানিয়েছে। পরে মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প বলেন, তিনি তার ইসরাইলি মিত্রকে পরিস্থিতি শান্ত রাখার পরামর্শ দিয়েছেন।
এমএ//