আন্তর্জাতিক

লেবাননেও যুদ্ধবিরতি প্রযোজ্য হওয়া উচিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত বলে মত দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ বিষয়ে জোরালো অবস্থান তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবানিজ বলেন, বর্তমান যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এটি এখনো খুবই নাজুক। তাই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে।

আলবানিজ আরও বলেন, লেবাননের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তার মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ দ্রুত একটি বিস্তৃত ও টেকসই সমাধানের পথে এগোবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

বুধবার (০৯ এপ্রিল) সকালে পাকিস্তানের মধ্যস্ততায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়। তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন