আন্তর্জাতিক

পাকিস্তানের হস্তক্ষেপ চায় লেবানন

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাবে ইসরাইল

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরাইল। এ অবস্থায় দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানের সক্রিয় ভূমিকা কামনা করেছে লেবানন।

বুধবার (০৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। তিনি দক্ষিণ লেবাননে চলমান হামলা এবং যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ ইসলামাবাদের কাছে পৌঁছে দিতে অনুরোধ জানান।

বৈঠকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে বৈরুতের আশপাশের কয়েকটি এলাকায় নতুন করে সতর্কতা জারি করেছে ইসরাইল। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননের টাইর শহরেও হামলার খবর পাওয়া গেছে।

এর আগে সাইদন শহরে বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

চলমান সংঘাতের ফলে লেবাননে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন