আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পুনরায় খুলেছে ইরাকের আকাশপথ

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরাক তাদের আকাশপথ ও সব বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার (০৮ এপ্রিল) থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে।

ইরাকি নিউজ এজেন্সি-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ইরাকি আকাশসীমা আবারও সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। পাশাপাশি ইরাকের আকাশপথ ব্যবহার করে অন্য দেশে যাতায়াত, উড্ডয়ন ও অবতরণের অনুমতিও দেয়া হয়েছে। তবে সব ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর জোর দেয়া হয়েছে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নির্বিঘ্ন ফ্লাইট পরিচালনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকির কারণে নিরাপত্তার স্বার্থে এর আগে ইরাক তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রেখেছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এখন আবার এই গুরুত্বপূর্ণ রুটে স্বাভাবিক বিমান চলাচল শুরু হলো।

সূত্র: আল জাজিরা

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন