আন্তর্জাতিক

ঘনিয়ে আসছে ট্রাম্পের দেয়া আল্টিমেটামের সময়সীমা, বাড়ছে তেলের দাম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সম্ভাব্য উত্তেজনা ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণেই এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১১১ ডলারের ঘরে পৌঁছেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও উল্লেখযোগ্য হারে বেড়ে ১১৫ ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব স্বল্প সময়ের মধ্যেই ইরানকে ব্যাপকভাবে ধ্বংস করতে সক্ষম। তিনি মঙ্গলবার রাতকে (বাংলাদেশ সময় বুধবার ভোর) সম্ভাব্য সময়সীমা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ইসরাইলি বাহিনীও ইরানি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, রেলপথ ও সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলতে। সম্ভাব্য হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। এর প্রভাব দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন