আমেরিকার কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এসময় জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাত হয়।
সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। কি কথা হয়েছে, গোপনীয়তার স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, সেই নিশ্চয়তা দিয়েছে।
চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। রাশিয়ান তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার প্রচারণাগুলো সম্পূর্ণ মিথ্যা।
শামা ওবায়েদ আরো বলেন, সব ধরনের উৎস থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা যেখান থেকেই হউক, সাশ্রয়ী দামে জ্বালানী আমদানী করা হবে।
সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের।
সাক্ষাতের সময় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আই/এ