আমরা সংস্কারকে বাস্তবায়িত করব : মির্জা ফখরুল
এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজকে বলছেন বিএনপি সংস্কার চায় না, সংস্কার করতে চায় না- তারা মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই- এই দেশকে সংস্কার করে রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অতীতে আমরাই আন্দোলন শুরু করছি। আমরা সংস্কার চাই না শুধু, আমরা সংস্কারকে বাস্তবায়িত করব।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায় যে, বিএনপি জুলাইযুদ্ধকে স্বীকার করে না। এটা ডাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না। বারবার বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। পাকিস্তানের জন্য যারা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল ১৯৪৭ সালে। সেই পাকিস্তানকে ত্যাগ করার জন্য এই দেশের মানুষই আবার সংগ্রাম করেছে, লড়াই করেছে। অনেক আন্দোলন হয়েছে।
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। সেই মুক্তিযুদ্ধকে, একাত্তরকে সামনে নিয়ে বারবার এগিয়েছি, এখনো আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ’।
আই/এ