যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাবাহিনীতে বড় রদবদল, একাধিক শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেনাবাহিনীর সর্বোচ্চ ইউনিফর্মধারী কর্মকর্তাসহ একাধিক জেনারেলকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ মার্চ) পেন্টাগন জানায়, জেনারেল র্যান্ডি জর্জ তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ পদ থেকে অবসর নিচ্ছেন। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করছিলেন। তবে তার অপসারণের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
দায়িত্ব নেওয়ার পর থেকেই হেগসেথ এক ডজনের বেশি শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করেছেন বলে জানা গেছে।
এ ছাড়া জেনারেল ডেভিড হডনে এবং উইলিয়াম গ্রিনকেও পদচ্যুত করা হয়েছে। তাদের অপসারণের কারণ সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
পেন্টাগনের তথ্যমতে, জেনারেল ক্রিস্টোফার লানেভ ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন। সাম্প্রতিক সময়ে দ্রুত পদোন্নতির মধ্য দিয়ে তিনি এ দায়িত্বে আসছেন।
এই রদবদল এমন সময়ে হলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ সংঘাতের সমাপ্তির কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
অন্যদিকে, সামরিক চ্যাপলিন ব্যবস্থায়ও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন হেগসেথ। তিনি চান, চ্যাপলিনরা মানসিক সহায়তার চেয়ে ধর্মীয় দিকনির্দেশনায় বেশি গুরুত্ব দিক। পাশাপাশি ইউনিফর্মে পদমর্যাদার পরিবর্তে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
এমএ//