গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
শনিবার (০৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে গাজা সিটির রেমাল এলাকার আল-আসালা ভবনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়। হামলায় ভবনটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে যায় এবং নিচের কয়েকটি তলাও ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। যুদ্ধবিমান থেকে পরপর তিনটি হামলা চালানোর পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত ও আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে চারজন নারী। তাদের মধ্যে এক বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়েও রয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারে সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের। তিনি বলেন, গাজার বিভিন্ন এলাকায় নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যাচ্ছিল।
রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর একটি। যুদ্ধের কারণে সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
এমএ//