প্রবাস

ইরান–ইসরাইল উত্তেজনায় আমিরাতে প্রাণ গেল আরেক বাংলাদেশির

ইরান–ইসরাইল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। ফুজাইরার আল রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক কর্মী নিহত হয়েছেন।

নিহত শাহ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরোইন গ্রামের বাসিন্দা এবং হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি ফুজাইরার আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে তিনি খামারে কর্মরত ছিলেন। ঠিক সেই সময় ইরান থেকে ছোড়া একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। আকাশেই ড্রোনটি ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে খামার এলাকায় আঘাত হানে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে আজমান প্রদেশে সালেহ উদ্দিন, যিনি আহমদ আলী নামেও পরিচিত, একই ধরনের ঘটনায় প্রাণ হারান। চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

এদিকে নিহতের খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ শেষে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ৪৩৮টি ব্যালিস্টিক মিসাইল, ১৯টি ক্রুজ মিসাইল এবং ২০১২টি ড্রোন প্রতিহত করেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন