বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা
বিয়ে নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের সম্পর্কের নতুন অবস্থান স্পষ্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবা। তিনি জানিয়েছেন, বিয়ে নয়—সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করে লুবাবা জানান, পারিবারিক সিদ্ধান্তে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
প্রকাশিত ছবিতে তাকে বাগদত্তার সঙ্গে দেখা গেলেও কারও মুখই স্পষ্ট নয়। ফলে এখনো প্রকাশ্যে আসেনি তার জীবনসঙ্গীর পরিচয়।
এর আগে লুবাবা সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্টে ‘দ্বীন শেখার সঙ্গী’ পাওয়ার কথা জানালে নেটমাধ্যমে বিয়ের আলোচনা শুরু হয়। তবে নতুন ঘোষণায় সেই জল্পনার অবসান হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ান লুবাবা। এরপরও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে নিজের ব্যক্তিগত জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরছেন তিনি। তার দাদা, প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের অনুপ্রেরণায় শৈশবেই অভিনয়ে যুক্ত হয়ে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান লুবাবা।
এমএ//