আন্তর্জাতিক

বিয়েবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

ছবি: কাল্পনিক ছবি

সন্তান জন্ম দেওয়ার পরই নেমে আসে আইনি বিপদ। সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালত এ রায় দেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি সাজা কার্যকর না করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ান মুথোনি। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হন তিনি। ২০২৫ সালের আগস্টে একটি ছেলেসন্তানের জন্ম দেন মুথোনি। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।

সন্তান জন্মের পর বিষয়টি জানাজানি হলে মুথোনিকে হাসপাতালে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার ঘটনা পুলিশকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক। এ কারণে গ্রেপ্তার এড়াতে অনেক নারী বাড়িতে গোপনে সন্তান জন্ম দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালতের তিন বিচারকের প্যানেল মুথোনিকে দোষী সাব্যস্ত করে ১০০ বেত্রাঘাতের সাজা দেন। শুনানির সময় তার জন্য দোভাষীর ব্যবস্থা করা হলেও কোনো আইনজীবী ছিলেন না। রায়ের বিরুদ্ধে আপিলও করেননি তিনি। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে সন্তানকে নিয়ে কেনিয়ায় ফিরতে পারবেন—এমন আশা থেকেই আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন মুথোনি।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, ‘আমি খুব ভয় পাচ্ছি। আমার মনে হয় না, আমি এই বেত্রাঘাত সহ্য করতে পারব।’

এদিকে এ সাজা কার্যকর না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি।

তার মতে, মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের যে দাবি করা হয়, এ ধরনের শাস্তি তার সঙ্গে সাংঘর্ষিক।

সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিলের ঘোষণা দিয়েছিল। তবে ইসলামি আইনে নির্ধারিত কয়েকটি অপরাধের ক্ষেত্রে এ শাস্তি এখনো বহাল রয়েছে। ব্যভিচারও এসব অপরাধের অন্তর্ভুক্ত।

অন্যদিকে অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরবের কঠোর কাফালা ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী নানা ঝুঁকিতে রয়েছেন। অনেক নিয়োগকর্তা তাদের পাসপোর্ট আটকে রাখেন এবং চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ফলে নির্যাতন বা আইনি জটিলতার মুখে পড়লেও অনেক নারী প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।

আদালত মুথোনিকে এক বছরের নির্বাসনের সাজাও দিয়েছেন। তবে এ নির্বাসনের অর্থ তাকে কেনিয়ায় ফেরত পাঠানো হবে, নাকি সৌদি আরবের অন্য কোনো শহরে স্থানান্তর করা হবে, তা এখনো স্পষ্ট নয়। একইভাবে কবে তাঁর বেত্রাঘাতের সাজা কার্যকর হবে, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন