আইন-বিচার

ভূমধ্যসাগরে ১২ বাংলাদেশি যুবকের মৃত্যু, ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৯ জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের বাসিন্দা ও ভূমধ্যসাগরে নিহত সোহানুর রহমানের বাবা সালিকুর রহমান দিরাই থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ছাড়া জগন্নাথপুর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান,  দিরাই থানায় নিহত সোহানের পিতা ছালিকুর রহমান সোমবার গভীর রাতে দিরাই উপজেলার সালেহ আহমদ, মিকাইল মিয়া, মুজিবুর রহমান ও দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন এই চারজনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন।  

দিরাই উপজেলার বাসুরী গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত করে আসামি করেছেন।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ  থানায় দায়েরকৃত মামলার আসামীরা হলেন, ছাতক উপজেলার বিলাল,দুলাল জগন্নাথপুরের আজিজুল ও দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন ও এনাম। 

গত ২১ মার্চ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্য রওনা হয়েছিলেন ৪২ জন। গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে মারা যান ২২ জন। তাদের মধ্যে ১২ জনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়। এ ঘটনায় ২১ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়।

 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন