৭ হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি জব্দ
সাতক্ষীরায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময় সাত হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে এ তেল জব্দ করা হয়। আজ ৩০ মার্চ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়কে অবৈধভাবে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করে।
খবর পেয়ে সদর থানা পুলিশ তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকে লরিটি আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লরিটি বর্তমানে থানা হেফাজতে আছে।
আই/এ