১৩ লক্ষ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে র্যাব
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে র্যাব-১২ এর একটি দল।
রোববার (২৯ মার্চ) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে এ নোট উদ্ধার করে। আজ ৩০ মার্চ র্যাব-১২ এর অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গত ২৯ মার্চ বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ৫১ হাজার টাকার জাল নোট ও ২টি মোবাইলসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকায় পলাতক হাকিম শেখের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় জাল টাকা আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আই/এ