হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল শনিবারের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল ইরান।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে।
আইআরজিসি বিবৃতিতে যোগ করে, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালিটি পার হতে পারছে না।
এর আগে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি আলী মুসাভির বরাতে জানায়, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার কারণেই মূলত প্রণালিটি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে।
আই/এ