বিএনপির ওপর কলঙ্ক আরোপের চেষ্টা করা হয়েছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রমাগতভাবে বিএনপির সরকার এগিয়ে যাচ্ছে। আমরা গত নির্বাচনেও দেখেছি কত ধরনের মিথ্যাচার করা হয়েছে। কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ সবচেয়ে বড় বিচারক। আমরা বলবো তাদের কথা বলার স্বাধীনতা রয়েছে। কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা বোধ হয় জনগণ পছন্দ করে না। ন্যায়সংগত সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার রয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কুৎসা রটনা করা শেখ হাসিনার কাজ। ফ্যাসিবাদের কাজ। ফ্যাসিবাদের এসব লক্ষণ ধারণ করে যারা বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচারের চেষ্টা করছেন তাদের ওপরেই ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে।
তিনি বলেন, সরকারের সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হননি। এখন কমপক্ষে নির্ভয়ে কথা বলা যায়। বিগত আওয়ামী লীগ সরকার মানুষের সব ধরনের স্বাধীনতা কেড়ে নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছিল।
তিনি আরও বলেন, গণতন্ত্রের অঙ্গীকার পূরণে নিরলস কাজ করে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখনও কাজ করছেন। এখনও প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলা হচ্ছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। অথচ ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই।
এ বিএনপি নেতা বলেন, আর কয়েকদিন পরই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এক অকুতোভয় বীর সেদিনের মেজর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই পথ ধরেই ছাত্র, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সব মানুষের কাছে প্রেরণাদায়ক। এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী।
আই/এ