৮ ঘণ্টায় সড়কে ঝরল ১৯ প্রাণ, আহত অন্তত ৩৫
ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে একের পর এক সড়ক দুর্ঘটনায় ৮ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ ও বান্দরবনে পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। রাত ৩টার দিকে যাত্রীবাহী একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

এর কিছুক্ষণ পর ভোর ৪টার দিকে ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে রাতের দিকে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন প্রাণ হারান।

এছাড়া বান্দরবানের পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি পর্যটকবাহী বাস। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্বল্প সময়ের মধ্যে ধারাবাহিক এসব দুর্ঘটনায় ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। সড়কে অতিরিক্ত গতি, ক্লান্ত চালক, যানবাহনের ত্রুটি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে এ পরিস্থিতির পেছনে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
এমএ//