দেশজুড়ে

রেললাইন থেকে সরানো হয়েছে দুমড়েমুচড়ে যাওয়া বাস

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনার পর বন্ধ হয়ে পড়া ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ আবার চালু হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ১১টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে দুর্ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে। পরে সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেন ও দুমড়েমুচড়ে যাওয়া বাস সরিয়ে নেওয়া হয়।

এ দুর্ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি বাস রেললাইনে উঠে পড়লে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। 

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন