মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা ৫জন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমরা সবার পাশে আছি। বর্তমানে যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশি ভাই-বোনরা আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব।
শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মিশনগুলো বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে। তারা যেন ভালোভাবে থাকতে পারে সেটা দেখার চেষ্টা করছে। বাংলাদেশ চায়, এই যুদ্ধাবস্থার অবসান ঘটুক। বাংলাদেশ চায় কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হোক।
তিনি বলেন, ইরান থেকে ১৮৬ বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে। পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের অন্য দেশে থাকা বাংলাদেশিদেরা যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনা হবে। আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত আছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আজ যে প্রবাসীর মরদেহ এসেছে তার পরিবারের জন্য সরকার আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেবে। তার দুই বাচ্চাদের পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চাকরি ছেড়ে দেশে আসা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে কিনা-জানতে চাইলে তিনি আরও বলেন, তারা আসার পর তাদের সঙ্গে আলোচনা হবে। অনেক সময় তারা ফিরে যেতে চাইবে। তারা ফিরতে চাইলে যা যা করা দরকার, করা হবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে যারা মারা গেছেন তাদের বাড়িতে মরদেহ নেওয়ার খরচ দেওয়া হচ্ছে। এ ছাড়া, নিহতের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব প্রবাসীর বিএমইটির কার্ড রয়েছে তারা আরও ১০ লাখ টাকা পাবেন।
আই/এ