বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতে জাপান আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ফলপ্রসূ বৈঠক করেছেন। দুদেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম শিল্প খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর শিল্পনগরী গড়ে তোলা এবং বিভিন্ন স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রকল্পে জাপানের আগ্রহ রয়েছে। জাপানের কাছ থেকে উন্নয়ন সহযোগিতা হিসেবে ৫০০ কোটি ইয়েন বা প্রায় ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সহায়তার বিষয়টিও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে জাপানের জ্বালানি অবকাঠামো ও লজিস্টিক ব্যবস্থাপনা পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।
বিশেষ করে এলএনজি টার্মিনাল স্থাপন এবং আধুনিক লজিস্টিক ব্যবস্থাপনায় জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ রয়েছে।
জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এ ক্ষেত্রে একটি প্রক্রিয়া বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, আগামী বছর বহুপক্ষীয় কূটনীতির বিভিন্ন কার্যক্রমেও রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জাপানের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
আই/এ