দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েকজনের সঙ্গে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় শূন্যরেখার কাছে তারকাঁটা অতিক্রম করার সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আজাদ হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, আহত ব্যক্তির শরীরে ছররা গুলির আঘাত রয়েছে এবং তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনা তিনি শুনেছেন, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন