অপরাধ

শহীদ মিনারে টিকটকার রাকিব হত্যা, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এবং নারীঘটিত বিরোধের জেরে কেন্দ্রীয় শহীদ মিনারে টিকটকার রাকিব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া মূল হোতাসহ এ মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন,  কুখ্যাত বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল। এ ঘটনায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তার অন্য চারজন হলেনসিহাব, রাফিন, জয় ও সাগর ফকির। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম জানান, নিহত রাকিব সাফা নামের এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করেছিলেন। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী ও টিকটকার জান্নাত মুনের সঙ্গেও রাকিবের অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ আছেএই ক্ষোভ থেকেই সাজিদ ঢাকা ও খুলনার অপরাধীদের সমন্বয় করে রাকিবকে হত্যার পরিকল্পনা করে

তিনি আরও বলেন, ঘটনার ৩-৪ দিন আগেই খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় আসে। তারা রাজধানীর কয়েকটি হোটেলে বসে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে এবং কয়েকদিন ধরে রাকিবের গতিবিধি অনুসরণ করে।

পরে গত ১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ। তখন ৩-৪ জন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন