৪৮ ঘণ্টায় ৯ কোটি টাকার টোল আদায়,পদ্মা সেতুতে নেই ভোগান্তি
ঈদ যাত্রায় সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে ছিল যানবাহনের কিছুটা বাড়তি চাপ। তবে কোনো ধরনের যানজট ছাড়াই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুততম সময়ে টোল আদায় সম্পন্ন হচ্ছে। এছাড়াও পুরো সেতু এলাকা ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, পুলিশের ৫ শতাধিক সদস্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন করতে পেরে সাধারণ যাত্রীরাও খুশিতে মহাসড়ক পার হয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
আই/এ