আন্তর্জাতিক

সাউথ পার্স হামলার পরিকল্পনা জানত না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্পের এই দাবির বিপরীতে ওয়াশিংটনে ভিন্ন তথ্যও সামনে এসেছে। কিছু প্রতিবেদনে ইঙ্গিত করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনই নাকি ওই হামলার অনুমোদন দিয়েছিল। ফলে প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্র সত্যিই অন্ধকারে ছিল, নাকি নীরবে সমর্থন দিয়েছিল?

এ বিষয়ে ট্রাম্প সরাসরি কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না।

একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, কাতারের স্থাপনাগুলোতে পুনরায় হামলা হলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। তিনি উল্লেখ করেন, কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রও তা আমদানি করে। তাই অর্থনৈতিক ও কৌশলগত উভয় কারণেই কাতারের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে বড় ধরনের আঘাত হানতে পারে, যা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান উৎসকে দুর্বল করে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন