দেশজুড়ে

সিসি ক্যামেরা এড়িয়ে আইজিপির বাড়িতে চুরি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে  ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আজ সকালে বিষয়টি টের পাওয়ার পর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে পুলিশ প্রধানের বাড়িতে এমন চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে মাঠে নামে পুলিশের একাধিক টিম।

মো. হাসান চৌধুরী জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন