লেবাননে চিকিৎসা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সে হামলার হুমকি ইসরাইলের
লেবাননের চিকিৎসা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ এসব চিকিৎসা সুবিধা সামরিক কাজে ব্যবহার করছে। শনিবার (১৪ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার কয়েক ঘণ্টা পরই এ ধরনের সতর্কবার্তা দেয় ইসরাইল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরাই এক বিবৃতিতে অভিযোগ করেন, হিজবুল্লাহ তাদের কর্মকাণ্ডে ‘ব্যাপকভাবে অ্যাম্বুলেন্স ব্যবহার করছে’।
তিনি বলেন, যদি এসব যানবাহন ও চিকিৎসা সুবিধা সামরিক কাজে ব্যবহারের অভিযোগ বন্ধ না হয়, তাহলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরাইলি বাহিনী।
তবে এ অভিযোগের বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ২ মার্চ থেকে ইসরাইলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন গোষ্ঠীটি।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যেই ইসরাইল তাদের অভিযান জোরদার করে বৈরুতের দক্ষিণ উপশহরসহ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়।
৩ মার্চ থেকে দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করে ইসরাইলি বাহিনী। একই সময়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১,৯৩৩। এছাড়া সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে বাড়িঘর ছেড়েছে আরও প্রায় ৮ লাখ ২২ হাজার মানুষ।
এমএ//