ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত আটটার পর ভারতের দিল্লি হয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাস ঢাকা–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এটি প্রথম গুরুত্বপূর্ণ সফর।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরটি মূলত রাজনৈতিক হলেও ওয়াশিংটন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া, রোহিঙ্গা সংকট, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা গুরুত্ব পাবে।
এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএ//